লামায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি।
মোহাম্মদ করিম, লামা–আলীকদম প্রতিনিধি
ছয় দফা দাবিতে কর্ম বিরতিতে অংশ নিয়েছেন লামা উপজেলা স্বাস্থ্য সহকারীরা। শনিবার ৪ অক্টোবর সকাল থেকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, লামা শাখা।
দাবি আদায়ে হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে সকাল থেকেই স্বাস্থ্য সহকারীরা একত্রিত হন। তারা জানান, দীর্ঘদিনের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়েই কর্মবিরতিতে নেমেছেন।
৬ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়োগবিধি সংশোধন করে স্নাতক যোগ্যতার ভিত্তিতে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেড ও টেকনিক্যাল মর্যাদা নিশ্চিতকরণ, পদোন্নতিতে ধারাবাহিক উচ্চতর গ্রেড প্রদান, প্রশিক্ষণ ছাড়াই সবার জন্য স্নাতক স্কেল চালু, বেতন পুনর্নির্ধারণে টাইম স্কেল সংযুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের সমমানের স্বীকৃতি প্রদান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি রমিজ উদ্দিন সাধারণ সম্পাদক সৈয়দ খালিদ মাহমুদ বিভাগীয় কমিটির সদস্য রুবেল দাশ অর্থ সম্পাদক রাহনুমা বেগম ও সহকারী অর্থ সম্পাদক আসাদুল ইসলাম তন্ময় সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাহিদ বলেন, “কর্মবিরতির কারণে মাঠপর্যায়ের কিছু কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হচ্ছে, তবে জরুরি সেবা সচল রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।” আন্দোলনকারীরা সরকারের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, “তৃণমূলের স্বাস্থ্যসেবা রক্ষায় যারা প্রথম সারিতে কাজ করছেন, তাদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা সময়ের দাবি।”